মেডিক্যাল প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬ ১৯:৪৮ পিএম
ফাইল ফটো
ঢাকার মোহাম্মদপুরের হুমায়ুন রোডে একটি গ্যারেজে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নারীসহ আটজন দগ্ধ হয়েছেন।
হুমায়ুন রোডের মনা মোটর সার্ভিসিং গ্যারেজে রবিবার বিকাল চারটার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হলে দুজনকে ভর্তি, একজনকে পর্যবেক্ষণে রাখা হয় এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
দগ্ধরা হলেন—রেহানা বাদল (২৩), তারেক রহমান (২৩), মোহাম্মদ মনা (৪০), মোহাম্মদ ইরফান (১৮), মোহাম্মদ আজাদ (৫৫), মো. মিরাজ (৩৬), মো. আকাশ (২৫) ও মো. জনি (৩৫)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, বিকালে আটজন দগ্ধ অবস্থায় হাসপাতালে আসেন। তাদের মধ্যে তারেক রহমানের শরীরের ২০ শতাংশ, মোহাম্মদ মনার ১২ শতাংশ, ইরফানের ১৬ শতাংশ, আজাদের ২ শতাংশ, মিরাজের ২ শতাংশ, আকাশের ১ শতাংশ, জনির ৩ শতাংশ এবং রেহানা বাদলের ২ শতাংশ দগ্ধ হয়েছে।
তিনি আরও জানান, গুরুতর অবস্থায় থাকা দুজনকে ভর্তি দেওয়া হয়েছে এবং একজনকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।