মধ্যাঞ্চলীয় ব্যুরো
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২২ ১৮:১৭ পিএম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরভবন উদ্বোধন করেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।
সরকার দেশের সার্বিক উন্নয়নে বদ্ধ পরিকর। সে কারণেই শুধু শহর নয়, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নতুন মাইলফলক স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দ্রুত গতিতে উন্নয়ন কর্মকাণ্ড চলছে। দেশ এখন উন্নয়নের অগ্রযাত্রায় আগামী দশকে স্মাট বাংলাদেশ হিসেবে পরিচিতি লাভ করবে। সে লক্ষ্য নিয়েই এগোচ্ছে সরকার। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এই সরকারের পাশে থাকতে হবে।’
রবিবার (২৫ ডিসেম্বর) কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার নতুন ভবন উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এসব কথা বলেন।
দুপুরে নতুন পৌরভবন উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে পাকুন্দিয়া পৌরসভা।
পরে প্যানেল মেয়র তরিকুল ইসলাম আসাদ মিয়া ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান সঞ্চানায় পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদি) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ, কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, কিশোরগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ভৈরব পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেসবাহউদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী রাকিবুল ইসলাম, পৌর সহকারী প্রকৌশলী রীতেশ চন্দ্র পোদ্দার প্রমুখসহ দলীয় নেতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
২০১৬ সালে স্থানীয় সরকার বিভাগ পাকুন্দিয়া পৌরসভায় তিনতলা (বি-টাইপ) পৌর ভবন নির্মাণের জন্য সোয়া তিন কোটি টাকা বরাদ্দ দেয়।