সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬ ১০:৩৯ এএম
জয়নাল আবেদীন। ছবি: সংগৃহীত
মানিকগঞ্জের সাটুরিয়ায় ডাকাতি হওয়া প্রায় ১৪ টন রড যুবদল নেতার গুদাম থেকে উদ্ধারের ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা জয়নাল আবেদীনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
রবিবার রাতে সাটুরিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফরিদ হোসেন স্বাক্ষরিত নোটিশ থেকে বিষয়টি জানা যায় বলে নিশ্চিত করেছেন বরাইদ ইউনিয়ন যুবদলের সভাপতি মান্নান উদ্দিন মল্লিক।
অভিযুক্ত জয়নাল দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত বলে নোটিশে উল্লেখ করা হয়। আগামী তিনদিনের মধ্যে নোটিশের লিখিত জবাব দিতে বলা হয়েছে।
জয়নাল আবেদীন উপজেলার বরাইদ ইউনিয়নের ছনকা গ্রামের ইউনুস আলীর ছেলে ও বরাইদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক।
এর আগে গত শনিবার দুপুরে উপজেলার ছনকা বাজারে অবস্থিত জয়নালের ব্যবসা প্রতিষ্ঠান ‘জান্নাত এন্ড খাদিজা এন্টারপ্রাইজ’ এর গুদামে অভিযান চালিয়ে লুটের ১৪ টন রড জব্দ করে পুলিশ। অভিযান চলাকালীন সময়ে অভিযুক্ত জয়নাল আবেদীন কৌশলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ নিয়ে রবিবার ‘যুবদল নেতার গুদামে লুটের রড’ শিরোনামে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগ রয়েছে।