ঠাকুরগাঁও প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪২ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৩ পিএম
ঠাকুরগাঁওয়ে হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে শুক্রবার কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পুলিশ হত্যাসহ অমীমাংশিত বিষয়ে তদন্ত হয়েছে এবং প্রয়োজন হলে আবার তদন্ত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদরাসার নতুন ভবনের উদ্বোধন শেষে শুক্রবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যাসহ অমীমাংশিত বিষয়ে তদন্ত হয়েছে। যদি প্রয়োজন হয় তাহলে আবার তদন্ত হবে। হোম মিনিস্টার সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে এবং যেহেতু তদন্ত হয়েছে যদি প্রয়োজন হয় তদন্ত হবে। কারণ যেহেতু বিষয়গুলো আদালতে আছে”।
তিনি বলেন, “দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছিলাম ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল ও অকার্যকর করে ফেলেছিল। নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হলো সেসব প্রতিষ্ঠানকে পুনর্গঠন করা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সুশাসনের কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করা”।
নির্বাচনি আসনের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বলেন, “মহান আল্লাহ–তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহর অশেষ রহমতে ঠাকুরগাঁওয়ের জনগণের সমর্থনে নির্বাচিত হয়েছি। আমি সব থেকে বেশি ঋণী ঠাকুরগাঁও-১ আসনের মানুষের কাছে। তারা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সহযোগিতা করেছেন। তাদের এই আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি দায়িত্বশীলভাবে কাজ করতে চাই”।