প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩০ পিএম
সুন্দরবনকেন্দ্রিক পর্যটন শিল্পকে পরিকল্পিত ও পরিবেশবান্ধব উপায়ে সমৃদ্ধ করতে হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সুন্দরবনকেন্দ্রিক পর্যটন শিল্পকে পরিকল্পিত ও পরিবেশবান্ধব উপায়ে সমৃদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কেন্দ্র মিলনায়তনে শুক্রবার বৃহত্তর খুলনা সমিতি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, অবহেলিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রাখবেন তিনি। একই সঙ্গে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন-কে কেন্দ্র করে অর্থনীতিতে গতি ফেরাতে কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়া হবে”।
ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, “দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে সুন্দরবনকে ঘিরে টেকসই অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে তুলতে হবে। পরিবেশ সংরক্ষণকে অগ্রাধিকার দিয়ে স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হবে”।
তিনি বলেন, “পর্যটন খাতকে এমনভাবে সম্প্রসারণ করতে হবে, যাতে পরিবেশের ভারসাম্য নষ্ট না হয় এবং স্থানীয় মানুষ সরাসরি উপকৃত হন”।
তিনি আরও জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং পর্যটন অবকাঠামো উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম এ সালাম। বক্তব্য দেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, সাবেক সচিব তৌহিদুর রহমান, শেখ ফরিদ, মশিউর রহমান এবং অধ্যাপক ডা. বিশ্বাস আক্তার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক খান রবিউল ইসলাম রবি।