× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিঠাপুকুরে এইচবিবি সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৯ এএম

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০২ পিএম

কাফ্রিখাল ইউনিয়নের বুজরুক তাজপুর গ্রামে চলমান এইচবিবি সড়ক নির্মাণ কাজ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কাফ্রিখাল ইউনিয়নের বুজরুক তাজপুর গ্রামে চলমান এইচবিবি সড়ক নির্মাণ কাজ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুরের মিঠাপুকুর উপজেলায় গ্রামীণ সড়ক উন্নয়নে হেরিং বোন বন্ড (এইচবিবি) প্রকল্পের সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের বুজরুক তাজপুর গ্রামে বৃহস্পতিবার দুপুরে এইচবিবি সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগে কাজ বন্ধ করে দেন স্থানীয়রা।

অভিযোগ রয়েছে, উপজেলা প্রকৌশলী দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ম্যানেজ করেই ৫ আগস্ট পরবর্তী প্রত্যেকটি প্রকল্পে অনিয়ম করছেন ঠিকাদাররা।

সরেজমিনে উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের বুজরুক তাজপুর গ্রামে গিয়ে দেখা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মিঠাপুকুর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের কার্যাদেশ অনুযায়ী ১৩ লাখ টাকা ব্যয়ে বুজরুক তাজপুর গ্রামের মাহফুজের বাড়ি থেকে দক্ষিণ পাশে দোকানিপাড়া পর্যন্ত ২৫০ মিটার এইচবিবি সড়ক নির্মাণের কাজ চলছে।

স্থানীয়দের অভিযোগ, গত মঙ্গলবার নির্মাণকাজের উদ্বোধনের দিনে এক নম্বর ইট দিয়ে কাজ শুরু হয়। তবে পরদিন বুধবার থেকে নিম্নমানের পরিত্যক্ত ইট দিয়ে এইচবিবি সড়কের কাজ শুরু করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ করে দেন স্থানীয়রা। দফায় দফায় স্থানীয়দের সঙ্গে কথা বলে পরবর্তীতে আর নিম্নমানের সামগ্রী ব্যবহার করবে না- এই শর্তে ও স্থানীয় প্রভাবশালী পক্ষকে ম্যানেজ করে পুনরায় কাজ শুরু করেন ঠিকাদার।

নাম প্রকাশে অনিচ্ছুক সড়ক নির্মাণ কাজে নিয়োজিত একাধিক শ্রমিক জানান, প্রথমদিনের ইটগুলা ভাল ছিল। আজকে ভাল ইটের সঙ্গে খারাপ ইট মিশিয়ে ভাটা থেকে দিয়ে গেছে। এর আগেও মাটিয়াখোলায় কাজের সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এলাকাবাসী কাজ বন্ধ করে দিয়েছিল। কাজ বন্ধের পরে বাকি কাজ ভালোভাবে করে দিছে ঠিকাদার। আমাদের যেভাবে বলছে সেভাবে করছি।

বুজরুক তাজপুর এলাকার স্থানীয় শামসুল আলম বকুল জানান, প্রথম দিন ভাল ইট দিয়ে কাজ করেছে। আজকে দুই গাড়ি নিম্নমানের ইট দিয়ে কাজ শুরু করলে আমরা কাজ বন্ধ করে দেই। ঠিকাদার বলেছে, এই ইট তুলে আবার ফেরত পাঠালে তার লস হবে। তার অজান্তে এটা হয়েছে। এরপরে ভালো ইট দিয়ে কাজ করবে। কোনও অনিয়ম করবে না। এই জন্য আমরা কাজ চালু করার অনুমতি দিয়েছি।

মিঠাপুকুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কার্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ১১ ডিসেম্বর উপজেলা প্রকৌশলী কার্যালয়ের ইজিপি টেন্ডারের আওতায় (১১৯২৯২৮) নম্বর টেন্ডারটি পান ঠিকাদার দৌলা। এই টেন্ডারের প্যাকেজে এইচবিবি সড়ক নির্মাণ, কালভার্ট নির্মাণ, আরসিসি ক্রস ড্রেন নির্মাণসহ পাঁচটি কাজ শুরু করেন তিনি।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ আমলে নিজেকে আওয়ামী এমপির ঘনিষ্ঠভাজন ও ৫ আগস্ট পরবর্তী সময়ে নিজেকে বিএনপি কর্মী পরিচয় দেওয়া এই ঠিকাদার অনিয়মের রাজত্ব কায়েম করেছে।

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত ঠিকাদার দৌলার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। একই সঙ্গে এইচবিবি সড়ক নির্মাণসহ এই প্রকল্পের আওতাধীন চলমান কাজগুলোতে উপজেলা প্রকৌশলী কার্যালয় থেকে কোনো কর্মকর্তাকেও তদারকি করতে দেখা যায়নি।

মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, ঠিকাদার দৌলা নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে নিজের খেয়াল খুশি মতো কাজ করে। উদ্বোধনের দিনে এইচবিবি সড়ক নির্মাণের কাজে ভাল ইট দেখেছিলাম। আজ এলাকাবাসীর কাছে শুনলাম পরিত্যক্ত ইট ব্যবহার করা হয়েছে। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করব।

এ বিষয়ে কথা বলতে মিঠাপুকুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) বাদশাহ আলমগীরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি ও তার অফিসে গিয়েও দেখা পাওয়া যায়নি।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মো.পারভেজ বলেন, এটি মূলত উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অফিসের কাজ। এটি তদারকির দায়িত্ব তাদের। তবে সরকারি কাজে কোনো অনিয়মের সুযোগ নাই। অনিয়ম হলে আইনানুগ ব‍্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা