গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৪ এএম
গাজীপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনায় বাসটি আগুন লেগে পুড়ে গেছে। এসময় মোটরসাইকেল চালক আহত হয়েছেন।
মহানগরীর বোর্ডবাজার এলাকায় শুক্রবার সকাল পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শ সূত্রে জানা যায়, টাঙ্গাইল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বোর্ডবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের মধ্যে ঢুকে যায় এবং সেখান থেকেই আগুন লেগে যায় বাসটিতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌণে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হিরন মিয়া বলেন, সকাল পৌনে ৮টার বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে আগুন লাগে। ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করা হয় এবং দ্রুত আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়। তবে আমরা আহত কাউকে পাইনি।