× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেড়িবাঁধের গাছ কাটার ঘটনায় চুরির মামলা, বিএনপির সেই নেতার পদ স্থগিত

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৬ পিএম

 নদীভাঙন রোধে বেড়িবাঁধে লাগানো গাছগুলো কেটে ফেলা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নদীভাঙন রোধে বেড়িবাঁধে লাগানো গাছগুলো কেটে ফেলা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় নদীভাঙন রোধে রোপণ করা মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগে মামলা হয়েছে।

উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বাদী হয়ে মঙ্গলবার মিঠামইন থানায় মামলাটি দায়ের করেন। এতে আঙ্গুর মিয়া নামের একজনকে আসামি করা হয়েছে।

তবে প্রকাশ্যে দিবালোকে গাছ কেটে নেওয়া হলেও চুরির অভিযোগে মামলা করায় প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, দল থেকে স্থগিত

এদিকে এ ঘটনায় মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক পদ স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে কামালপুর এলাকায় নদীভাঙন রোধে বেড়িবাঁধে রোপণ করা প্রায় ২০টি মেহগনি গাছ ব্যক্তিগত স্বার্থে কেটে ফেলার অভিযোগ প্রমাণিত হয়েছে।

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করে তার প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

স্থানীয়দের দাবি: ব্যক্তিগত স্বার্থে গাছ কাটা

স্থানীয়রা বলছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর কামালপুর এলাকায় নদীভাঙন ঠেকাতে বেড়িবাঁধে মেহগনি গাছ রোপণের উদ্যোগ নেন। দীর্ঘদিন ধরে গাছগুলো ভাঙনরোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছিল।

তাদের ভাষ্য, ব্যক্তিগত গাড়ি চলাচলে সুবিধা করতে গত ৫ আগস্টের পর থেকে ধাপে ধাপে প্রায় ২০টি গাছ কাটা হয়। সর্বশেষ ২১ ফেব্রুয়ারি একসঙ্গে ১০ থেকে ১২টি গাছ কেটে ফেলা হয়। বৈদ্যুতিক করাত দিয়ে গাছ কেটে পরে সেগুলো সরিয়ে নেওয়া হয়। প্রতিটি গাছের আনুমানিক বাজারমূল্য ২০ থেকে ২৫ হাজার টাকা বলে জানান স্থানীয়রা।

মামলা ও তদন্ত

উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বলেন, “ঘটনা জানার পর একটি স’মিলে খোঁজ নিয়ে জানতে পারি আঙ্গুর মিয়া নামের এক ব্যক্তি গাছগুলো মিলে নিয়ে এসেছিলেন। তাই তাকে অভিযুক্ত করে মামলা করেছি”।

দিনের বেলায় প্রকাশ্যে গাছ কাটা হলেও চুরির অভিযোগে মামলা কেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “তদন্তের মাধ্যমে পুলিশ প্রকৃত ঘটনা উদঘাটন করবে”।

এ বিষয়ে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, উপজেলা প্রকৌশলী বাদী হয়ে একজনকে আসামি করে মামলাটি করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

অভিযোগ অস্বীকার

তবে এ ঘটনায় অভিযোগ অস্বীকার করেছেন জাহিদুল আলম জাহাঙ্গীর। তিনি বলেন, “আমি কেন গাছ কাটব? জায়গা ও গাছগুলো সরকারি না। প্রত্যেকে নিজের জায়গা থেকে গাছ কেটে নিয়েছে। বেড়িবাঁধ সরকারি না, অধিগ্রহণকৃতও না”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা