নড়াইল প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০১ এএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৪ এএম
সংঘর্ষে আহত একজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
নড়াইল সদর উপজেলার বড়কুলা গ্রামে সোমবার ভোরে খলিল গ্রুপ এবং সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বড়কুলা গ্রামের খলিল গ্রুপের রহমান খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ শেখ, একই গ্রুপের ফেরদৌস শেখ ও তার ছেলে মুন্না শেখ এবং সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিবুর ফকির।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে চারজনকে খুলনা মেডিকেলে রেফার করা হয়েছে। আর ৮ জন সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের ও খলিলের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সোমবার ভোরে বড়কুলা এলাকায় দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। সংঘর্ষে ঘটনাস্থলেই খলিল গ্রুপের রহমান খলিল শেখ, তার পুত্র তাহাজ্জুদ শেখ ও ফেরদৌস শেখ ও তার ছেলে মুন্না শেখ নিহত হন।
এ সময় গুরুতর আহত অবস্থায় খায়ের গ্রুপের ওসিবুর ফকিরকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতাল এ নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযান চালানো হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।