নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৩ পিএম
নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি তেলবাহী ট্রাক রাস্তার পাশের দোকানে ঢুকে পড়লে শফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি তেলবাহী ট্রাক রাস্তার পাশের দোকানে ঢুকে পড়লে শফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই সন্তানসহ আরও তিনজন আহত হয়েছেন। আহত দুই সন্তানের অবস্থা আশঙ্কাজনক।
জেলার কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ট্রান্সমিটার এলাকায় শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত শফিকুল ইসলাম সুন্দলপুর ইউনিয়নের বড় রামদেবপুর গ্রামের মৃত মমিনুল হকের ছেলে। ঘটনাস্থলেই তার একটি সারের দোকান ছিল।
প্রত্যক্ষদর্শী দোকানদার সোহাগ জানান, শফিকুল ইসলাম তার দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে দোকানের সামনে আসেন। এ সময় মাইজদী-সোনাপুর দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলামের মৃত্যু হয়।
পুলিশ বলছে, সোনাপুর থেকে কবিরহাটের দিকে যাচ্ছিল ট্রাকটি। ট্রান্সমিটার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে সেটি রাস্তার পাশের দোকানে ঢুকে পড়ে। এতে একজন নিহত ও অন্তত তিনজন আহত হন।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহতদের নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আরএমও ডা. রাজিব আহম্মেদ চৌধুরী জানান, নিহতের দুই ছেলের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপরজন চিকিৎসাধীন রয়েছে।
এদিকে দুর্ঘটনার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ক্ষুব্ধ এলাকাবাসী। এতে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজামুল উদ্দিন ভুঁইয়া বলেন, “ট্রাকের চালককে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ বিষয়ে নোয়াখালী- ৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের চিকিৎসার দায়িত্ব নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি।