রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৪ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৪ পিএম
সলঙ্গা-তাড়াশ আঞ্চলিক সড়কের রৌহাদহ এলাকায় শুক্রবার শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের চাপায় তাবাসসুম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর পরিত্যক্ত নসিমন থেকে মাছ চুরির অভিযোগ উঠেছে। ছবি: এআই
সিরাজগঞ্জের সলঙ্গায় মাছবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের চাপায় তাবাসসুম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শিশু গুরুতর আহত হয়েছে।
উপজেলার সলঙ্গা-তাড়াশ আঞ্চলিক সড়কের রৌহাদহ এলাকায় শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাবাসসুম চৈত্রহাটি গ্রামের তফিস উদ্দিনের মেয়ে। সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর এ তথ্য জানিয়েছেন।
স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, রৌহাদহ বাজারের পাশে একটি বিয়েবাড়িতে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানো হচ্ছিল। এ সময় শব্দে বিভ্রান্ত হয়ে বা অসাবধানতাবশত দুই শিশু দৌড়ে রাস্তা পার হতে গেলে তাড়াশগামী একটি দ্রুতগতির মাছবোঝাই নসিমন তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাবাসসুমের মৃত্যু হয়। গুরুতর আহত অপর শিশুটিকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর চালক নসিমনটি পাশের একটি ক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়। এ সুযোগে কিছু স্থানীয় লোক নসিমনে থাকা মাছ লুট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
ওসি ইমাম জাফর বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিশুটির মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে”।
তিনি জানান, যানবাহনটি জব্দের চেষ্টা চলছে এবং চালককে শনাক্ত করতে পুলিশ কাজ করছে। এছাড়া মাছ লুটের বিষয়টিও তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।