মেডিক্যাল প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৮ পিএম
ফাইল ফটো
ঢাকার শাহবাগে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মুক্তা আক্তার (৪৫) নামে এক ফুল বিক্রেতা নারীর মৃত্যু হয়েছে। ঢাকা নার্সিং কলেজ গেইটের সামনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়।
নিহতের স্বজন মো. বিল্লাল হোসেন জানান, সকালে রিকশা থেকে নামার সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে স্বজনরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
ভুক্তভোগী মুক্তা আক্তার শহীদ মিনার এলাকায় ফুল বিক্রি করতেন। যশোর সদর উপজেলার নোয়াপাড়া এলাকা ইজার আলীর মেয়ে তিনি। বর্তমানে পরিবার নিয়ে রাজধানীর কামরাঙ্গীরচর রনি মার্কেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও চালকের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে বলে জানা গেছে।