গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৬ পিএম
গাজীপুরের জয়দেবপুর জংশন এলাকায় ট্রেনের নিচে পড়ে আহত পুলিশ সদস্য মো. হাবিবকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে পড়ে এক পুলিশ সদস্যের ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত পুলিশ সদস্য মো. হাবিব (৪০) গাজীপুর জেলা পুলিশ লাইনে কর্মরত উপপরিদর্শক (এসআই)।
গাজীপুরের জয়দেবপুর জংশন এলাকায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের ৪ নম্বর লাইনে ঢাকাগামী ‘চাপাই এক্সপ্রেস’ প্রবেশ করছিল। এ সময় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন ওই পুলিশ কর্মকর্তা। অসাবধানতাবশত তিনি ট্রেনের নিচে পড়ে যান। এতে তার ডান হাত ও ডান পা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কাইয়ুম আলি জানান, মো. হাবিব সকালে অফিসের কাজে গাজীপুর শহরে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়েছিলেন। কাজ শেষে পুলিশ লাইনে ফেরার পথে জয়দেবপুর জংশন এলাকায় রেললাইন অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রেলওয়ে পুলিশের সহায়তায় গাজীপুর শহরের তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান বলে জানান তিনি।