ফেনী জেলা আইনজীবী সমিতি
ফেনী প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৪ এএম
ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ পদে নিরস্কুশ জয় পেয়েছে বিএনপি প্যানেল। আর জামায়াত প্যানেল ২টি সম্পাদকীয় পদসহ ৪টিতে বিজয়ী হয়েছে।
ভোট গণনা শেষে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও আইনজীবী সমিতির সভাপতি নুরুল আমিন খাঁন ও সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন মানিক।
নির্বাচনে বিএনপি সমর্থিত আইনজীবী কল্যাণ পরিষদ প্যানেল থেকে সভাপতি পদে ফরিদ উদ্দিন খাঁন নয়ন ও সাধারণ সম্পাদক পদে হাছান মাহমুদসহ ১৫ পদের মধ্যে ১০ জন নির্বাচিত হন।
এ প্যানেল থেকে সহ-সভাপতি পদে মুহাম্মদ শহিদুল ইসলাম ও মো. সামছু উদ্দিন মানিক, অডিটর পদে হুমায়ুন কবীর বাদল, লাইব্রেরি সম্পাদক পদে ইয়াসীন আরাফাত তারেক ও চারটি সদস্য পদে নির্বাচিত হন আবদুল্লাহ আল মামুন জুয়েল, মো. মনির উদ্দিন সোহাগ, আরিফুল ইসলাম ও মো. আবদুর রহিম সুজন।
আর জামায়াত সমর্থিত আইনজীবী সম্প্রীতি পরিষদ প্যানেল থেকে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আলাউদ্দিন বিন ওয়াদুদ, অর্থ সম্পাদক পদে মাহমুদুল হাসান এবং দুটি সদস্য পদে নির্বাচিত হন শাহীদুল হক ও নাঈম উদ্দিন।
এছাড়া আওয়ামী লীগ ও বাম দল সমর্থিত স্বতন্ত্র প্যানেল থেকে যুগ্ম সম্পাদক পদে মাসুদুর রহমান বিজয়ী হয়েছেন।
এর আগে উৎসবমুখর পরিবেশে সমিতি ভবনে সোমবার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত।
জাতীয় নির্বাচনের উত্তাপ শেষ হতে না হতেই পেশাজীবী সংগঠনের নির্বাচন নিয়ে জেলাজুড়ে ছিল বাড়তি উম্মাদনা। এবার ৩৪৬ জন আইনজীবীর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩২৬ জন। এক বছর মেয়াদের কমিটিতে ১৫ পদের বিপরীত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩২ জন প্রার্থী।
প্রতিষ্ঠার পর থেকে প্রথমবারের মতো পৃথক প্যানেলে নির্বাচনে অংশ নেয় বিএনপি ও জামায়াত। এছাড়া টানা দ্বিতীয়বার নির্বাচনের মাঠে নেই আওয়ামী লীগ প্যানেল। এর আগে আওয়ামী লীগের নেতৃত্বে এক প্যানেল ও বিএনপি-জামায়াত অন্য প্যানেলে নির্বাচন করে আসছিল।
১৭ জানুয়ারি ভোটের তারিখ নির্ধারিত থাকলেও সংসদ নির্বাচনের কারনে ইসির নির্দেশনায় স্থগিত হয়ে যায়। অতিরিক্ত সাধারণ সভা ডেকে সমিতির সদস্যদের মতামতের ভিত্তিতে ১৬ ফেব্রুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত ফেনী জেলা আইনজীবী সমিতির ভোটার সংখ্যা ৩৪৬ জন।
জয়ের পর নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাছান মাহমুদ মামুন বলেন, “সকল আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা। এ জয়ে আমরা আনন্দিত। আগামীর পথচলায় সকলের সঙ্গে আলোচনা করে আইনজীবীদের স্বার্থরক্ষায় কাজ করব।”
প্রসঙ্গত, গত বছর ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত ‘সমমনা আইনজীবী ঐক্য পরিষদ’ সভাপতি-সম্পাদকসহ ১৪টি পদে জয়লাভ করেন। অন্যদিকে ১টি পদে স্বতন্ত্র প্রার্থী জয়ী হন।