ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৭ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৮ পিএম
পিরোজপুর জেলা হাসপাতাল। ছবি: সংগৃহীত
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় দুই বিএনপি নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত ১১টার দিকে উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড ও চালনা ব্রিজের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসির (৭০) ও শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন মল্লিক নিপু (৪৫)।
নাসিরের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে পিরোজপুর জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পিরোজপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার রাজীব পাইক।
আহত নিপু জানান, তিনি মোটরসাইকেল চালিয়ে নাসির মল্লিককে নিয়ে বাড়িতে ফিরছিলেন। তাদের মোটরসাইকেল পাড়েরহাট বাসস্ট্যান্ড ও চালনা ব্রিজের মাঝামাঝি পৌঁছানোর পর ৮-১০টি মোটরসাইকেলে দুর্বৃত্তরা তাদের পথ রোধ করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এতে নাসিরের দুই পা, হাত ও ঘাড় জখম হয়। এ ছাড়া নিপুর মাথায় ধারালো অস্ত্রের আঘাত লাগে।
খবর পেয়ে পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, কারা এ হামলা করেছে তা তদন্ত শেষে বলা যাবে।