নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪২ পিএম
ধামইরহাটে এক কসাইয়ের দোকান থেকে রবিবার সকালে ২৫ কেজি কুকুরের মাংস জব্দ করা হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া
নওগাঁর ধামইরহাট উপজেলার খাসির (ছাগল) নাম করে কুকুরের মাংস বিক্রির চেষ্টা করার অভিযোগ উঠেছে।
উপজেলার মঙ্গলবাড়ী বাজারে আজ রবিবার সকালের দিকে কসাই মো. এনতাজুলের দোকানে এই ঘটেছে।
এই ঘটনায় এলাকার মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। ক্ষুব্ধ এলাকাবাসী ওই কসাইয়ের দোকানে ভিড় করার আগে কসাই ইন্তাজুল ও তার সহযোগী দুলু মৌলভী দোকান থেকে পালিয়ে গেছে।
এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রাণিসম্পদ বিভাগের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২৫ কেজি কুকুরের মাংসসহ কসাই দোকানের অন্যান্য সরঞ্জাম জব্দ করেছেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবাড়ী বাজারের নেংড়াপীর-ইসবপুর সড়কের তেতুলতলী মোড়ের খাসির গোস্ত বিক্রেতা স্থানীয় কসাই এনতাজুল ও তার সহযোগী দুলু মৌলভী তার বাড়ি থেকে প্রতিদিন মাংস এনে বিক্রি করেন। আজ সকালে তার বাড়িতে কুকুর জবাই করে মাংস বাজারে নিয়ে আসে। এ সময় ঘটনাটি এলাকার লোকজনের চোখে পড়ে। তারা মাংস বিক্রির দোকানে হানা দেওয়ার আগেই বিষয়টি আঁচ করতে পেরে গোস্ত ফেলে রেখে দোকান থেকে পালিয়ে যায় এনতাজুল ও দুলু মৌলভী। এরপরেই শত শত নারী-পুরুষ ঘটনাস্থলে ভিড় জমায়।
জাহানপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, “প্রায় ২৫ কেজি কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে, সেগুলো অপসারণ করার হচ্ছে, কসাই এন্তাজ ও সহযোগী দুলু পালিয়ে গেছে।”
উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের এআই টেকনিশিয়ান মিজানুর রহমান মিন্টু বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করে মাংসগুলো জব্দ করা হয়েছে। প্রাথমিক পরীক্ষায় মাংসগুলো কুকুরের বলে নিশ্চিত হওয়া গেছে।”
ধামইরহাট থানার ওসি মো. মোখলেছুর রহমান জানান, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।