ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০০ পিএম
ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় মন্ত্রিপরিষদ গঠনে ব্যস্ত সময় পার করছেন বিএনপি নেতারা। এমন পরিস্থিতিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে বাণিজ্য প্রতিমন্ত্রী করা হতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে জোরালো গুঞ্জন চলছে।
কেন্দ্রীয় বিএনপির গুলশান কার্যালয়ের বিশ্বস্ত একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি বলছে, সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতে পূর্বঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি। বাণিজ্য খাতকে পরিপূর্ণ ও আধুনিকায়নের লক্ষ্যে এবার এই মন্ত্রণালয়ের দায়িত্ব ইঞ্জিনিয়ার শ্যামলকে দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। যদিও এটি দলীয় সিদ্ধান্তের বিষয়।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহিবুল ইসলাম ডিকন জানান, খালেদ হোসেন মাহবুব শ্যামল সৎ যোগ্য মানুষ, উনাকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অবশ্যই মূল্যায়ন করবেন।
ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, “অবহেলিত ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নের জন্য ব্রাহ্মণবাড়িয়াবাসীর সবচেয়ে বেশি ভোটের মাধ্যমে খালেদ হোসেন মাহবুব শ্যামলকে নির্বাচিত করেছেন। তাদের একটাই দাবি তারেক রহমান ব্রাহ্মণবাড়িয়াবাসীর কথা চিন্তা করে ওনাকে মন্ত্রী হিসেবে বিবেচনা করবেন”।
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটু জানান, ১৭ বছর দলের দুঃসময়ে, আন্দোলন সংগ্রামে দলের নেতাকর্মীদের আগলে রেখেছিলেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। ব্রাহ্মণবাড়িয়াবাসী আশা করছে তার ত্যাগের বিষয়ে বিএনপির হাই কমান্ড মূল্যায়ন করবেন।
সদ্য সমাপ্ত নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে তিনি ২ লাখ ৯ হাজার ৬৩৬ ভোট পেয়েছেন। তার এই বিপুল বিজয় এবং দলের প্রতি একনিষ্ঠতা তাকে মন্ত্রিসভার দৌড়ে অনেকটা এগিয়ে রাখছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।