টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৭ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৮ পিএম
ফাইল ফটো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৪৭ জন প্রার্থীর মধ্যে ২৭ জনই জামানত হারিয়েছেন। ঘোষিত ফলাফল পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, কোনো প্রার্থী মোট বৈধ ভোটের কমপক্ষে এক-অষ্টমাংশ (১২ দশমিক ৫ শতাংশ) ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। সংশ্লিষ্ট আসনগুলোতে ২৭ জন প্রার্থী নির্ধারিত ভোটের হার অর্জনে ব্যর্থ হয়েছেন।
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী)
এ আসনে জামানত হারিয়েছেন জাতীয় পার্টির মুহাম্মদ ইলিয়াস হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হারুন অর রশীদ এবং স্বতন্ত্র প্রার্থী আসাদুল ইসলাম। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী প্রতীক পাওয়ার পর নির্বাচন থেকে সরে দাঁড়ালেও ফলাফলে তার নাম অন্তর্ভুক্ত ছিল।
টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর)
ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোয়ার হোসেন সাগর ও জাতীয় পার্টির হুমায়ুন কবীর তালুকদার প্রয়োজনীয় ভোট পাননি।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল)
স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের রেজাউল করিম জামানত হারিয়েছেন।
টাঙ্গাইল-৪ (কালিহাতী)
জাতীয় পার্টির লিয়াকত আলী, স্বতন্ত্র প্রার্থী আব্দুল হালিম মিয়া এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আলী আমজাদ হোসেন এক-অষ্টমাংশ ভোটের শর্ত পূরণ করতে পারেননি।
টাঙ্গাইল-৫ (সদর)
এ আসনে সবচেয়ে বেশি প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন— বাংলাদেশ কংগ্রেসের একেএম শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের খন্দকার জাকির হোসেন, গণসংহতি আন্দোলনের ফাতেমা আক্তার, জাতীয় পার্টির মোজাম্মেল হক, গণঅধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)’র মো. হাসরত খান ভাসানী এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)’র সৈয়দ খালেকুজ্জামান মোস্তফা।
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার)
জাতীয় পার্টি (জেপি)’র তারেক শামস খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আখিনুর মিয়া, জাতীয় পার্টির মোহাম্মদ মামুনুর রহিম এবং স্বতন্ত্র প্রার্থী মো. জুয়েল সরকার ও মুহাম্মদ আশরাফুল ইসলাম জামানত হারিয়েছেন।
টাঙ্গাইল-৭ (মির্জাপুর)
বাংলাদেশ রিপাবলিকান পার্টির তোফাজ্জল হোসেন নির্ধারিত ভোটের হার অর্জন করতে পারেননি।
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর)
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আওয়ার মাহমুদ, আমজনতা দলের আলমগীর হোসেন এবং জাতীয় পার্টির নাজমুল হাসান জামানত হারিয়েছেন।