প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৫ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৫ পিএম
আব্দুল আজিজ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নাটোর-৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল আজিজ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। আসনের ১৬৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল একত্রিত করে এ চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সব কেন্দ্রের ফলাফল গণনা শেষে ধানের শীষ প্রতীক ৩৫ হাজার ৮৬৫ ভোটের ব্যবধানে জয়লাভ করে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তুলনায় শুরু থেকেই একাধিক কেন্দ্রে এগিয়ে ছিলেন আব্দুল আজিজ। শেষ পর্যন্ত সেই ব্যবধান ধরে রেখে তিনি বিজয় নিশ্চিত করেন।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয় এবং কেন্দ্রভিত্তিক ফলাফল সংগ্রহের পর তা সমন্বয় করে বেসরকারিভাবে বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। আনুষ্ঠানিক গেজেট প্রকাশের মাধ্যমে ফলাফল চূড়ান্ত হবে।
বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল আজিজ গুরুদাসপুর উপজেলার বাসিন্দা। তিনি ইউনিয়ন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল হাকিম বড়াইগ্রাম উপজেলার বাসিন্দা। তিনি বনপাড়া পৌরসভার কাউন্সিলর ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন।
নাটোর-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৫ প্রার্থী। এ আসনে ১৬৭টি ভোটকেন্দ্রে ৪ লাখ ৪৫ হাজার ১৭২ জন ভোটার রয়েছে। যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২১ হাজার ৩৪৮ জন, নারী ভোটার ২ লাখ ২৩ হাজার ৮২১ জন এবং ৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে।