নওগাঁ- ৫
নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৭ পিএম
ছবি: প্রত্যাহারকৃত প্রিসাইডিং অফিসার নাজিম উদ্দীন।
নওগাঁয় ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর ও সিল দেওয়ার অভিযোগে নাজিম উদ্দীন নামে এক প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে নওগাঁ- ৫ (সদর) আসনের সদর উপজেলার কাটখেইর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নাজিম উদ্দীনেকে প্রত্যাহার করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনুল আবেদীন। অভিযুক্ত নাজিম উদ্দীন নওগাঁ সড়ক ও জনপদ বিভাগে উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন বলে জানা গেছে।
নাজিম উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভোটগ্রহণ শেষে ফলাফল প্রস্তুত করতে অনেক সময় লাগে। কাজের সুবিধার্থে ও সময় সাশ্রয়ের চিন্তা থেকে আমি আগেই স্বাক্ষর করে রেখেছিলাম। তবে এটি নিয়মসম্মত কি না, তা আমার জানা ছিল না।
নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ভোটগণনার আগে ফলাফল শিটে স্বাক্ষর করার কোনো বিধান নেই। অভিযোগের সত্যতা পাওয়ায় ওই কেন্দ্রের নির্বাচনী দায়িত্ব থেকে তাকে প্রত্যাহার করা হয়েছে। ওই কেন্দ্রে নতুন একজন প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।