পঞ্চগড় প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১৩ পিএম
আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের গেটের সামনে থেকে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা যুবশক্তির আহ্বায়ক সুকুমার দাস বাবুকে আটক করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় নমুনা ব্যালটসহ উপজেলা যুবশক্তির আহ্বায়ক সুকুমার দাস বাবুকে (৪৮) আটক করা হয়েছে। পরে তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন সংক্ষিপ্ত বিচারিক আদালত।
আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের গেটের সামনে থেকে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাকে প্রশাসনের হাতে তুলে দেন বিএনপি নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত বিচারিক আদালতের বিচারক রানা পারভেজ এ দণ্ডাদেশ দেন।
সুকুমার দাস বাবু উপজেলার তোড়িয়া ইউনিয়নের ফকিরগঞ্জ বাজার খ্রিস্টান পাড়া এলাকার বাসিন্দা। তিনি বিমল দাসের ছেলে। স্থানীয়ভাবে তিনি ‘অভিযান নিউজ টিভি’ নামে এক প্রতিষ্ঠানের সাংবাদিক হিসেবে পরিচিত।
কী ঘটেছিল ঘটনাস্থলে
প্রত্যক্ষদর্শীরা জানান, সুকুমার দাস বাবু দুই জনসহ একটি ব্যাটারি চালিত ভ্যানে করে এক বান্ডিল নমুনা ব্যালট নিয়ে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে যান। সেখানে তিনি কেন্দ্রের দিকে যাওয়া ভোটারদের কাছে শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার জন্য প্রভাব বিস্তার করেন।
এসময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেন।
আদালতের আদেশ ও পরবর্তী ব্যবস্থা
সংক্ষিপ্ত বিচারিক আদালতের মাধ্যমে তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাকে আটোয়ারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়র রহমান বলেন, “দণ্ডাদেশপ্রাপ্ত সুকুমার দাসকে দ্রুত সময়ের মধ্যে জেলহাজতে প্রেরণ করা হবে”।