মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৮ পিএম
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে জখমের অভিযোগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।
বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়ন পরিষদের পেছনে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। আহত মো. কাইয়ুম (৬০) হালিমপুর এলাকার মৃত সাহেব আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহীদুল্লাহ।
স্থানীয়রা বলছেন, সকালে হালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন হাঁস প্রতীকের (বিএনপি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী) প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবালের সমর্থক মো. কাইয়ুম। এ সময় বিএনপি প্রার্থী সৈয়দ এহসানুল হুদার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ওসি এসএম শহীদুল্লাহ বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে”।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।