বগুড়া অফিস
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫২ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৪ পিএম
অনুমতি ছাড়া প্রবেশের অভিযোগে বিএনপির রায়নগর ইউনিয়ন সাধারণ সম্পাদক তাহেরুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালত দুই হাজার টাকা জরিমানা করার পর মুচলেকা নিয়ে তাকে মুক্তি দেওয়া হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের দারুস সুন্নত সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে অনুমতি ছাড়া প্রবেশের অভিযোগে বিএনপির রায়নগর ইউনিয়ন সাধারণ সম্পাদক তাহেরুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালত দুই হাজার টাকা জরিমানা করেছেন। মুচলেকা নেওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়েছে।
তবে অভিযোগের ভিন্ন ব্যাখ্যা দিয়ে তাহেরুল দাবি করেন, কেন্দ্রটিতে জামায়াতের কয়েকজন নারী কর্মী ভোটারদের মধ্যে ‘জান্নাতের টিকিট’ বিতরণ করছিলেন। প্রতিবাদ জানাতে গিয়ে তিনি কেন্দ্রে প্রবেশ করেন, যার ফলে এই ঘটনা ঘটেছে।
ঘটনাটি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রায়নগর ইউনিয়নের দারুস সুন্নত সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ঘটে। বিষয়টি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনও নিশ্চিত করেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, তাহেরুল ইসলাম অনুমতি ছাড়া কেন্দ্রে প্রবেশ করে নারী ভোটকক্ষে ঢুকেছেন। নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের কারণে তাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকারনামা নেওয়া হয়।
ঘটনার পর কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং আরও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।