× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাতির কোলে ভর করে ভোটকেন্দ্রে শতবর্ষী সূর্যবানু

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৫ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৮ পিএম

নাতি সুলাইমানের কোলে ভর করে ভোটকেন্দ্রে প্রবেশ করেন গাজীপুর-১ (কালিয়াকৈর ও সিটির একাংশ) আসনের বিএনপি প্রার্থী  মো. মজিবুর রহমানের মা সূর্যবানু।

নাতি সুলাইমানের কোলে ভর করে ভোটকেন্দ্রে প্রবেশ করেন গাজীপুর-১ (কালিয়াকৈর ও সিটির একাংশ) আসনের বিএনপি প্রার্থী মো. মজিবুর রহমানের মা সূর্যবানু।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি বৃহস্পতিবার সকালেই যেন ভিন্ন এক আবহে ভরে ওঠে। বয়সের ভারে নুয়ে পড়া শরীর, মুখজুড়ে সময়ের রেখা—তবু চোখেমুখে উজ্জ্বলতা। নাতি সুলাইমানের কোলে ভর করে ভোটকেন্দ্রে প্রবেশ করেন ১১০ বছর বয়সী সূর্যবানু।

তার ছেলে মো. মজিবুর রহমান গাজীপুর-১ (কালিয়াকৈর ও সিটির একাংশ) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছেলের নির্বাচনে অংশগ্রহণ তার কাছে শুধু রাজনৈতিক বিষয় নয়, জীবনের এক বিশেষ মুহূর্ত।

কেন্দ্রে ঢোকার সময় উপস্থিত ভোটার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে সহযোগিতা করেন। নাতির কোল থেকে নেমে ধীরে ধীরে ভোটকক্ষে প্রবেশ করেন তিনি।

ভোট প্রদান শেষে বেরিয়ে এসে ছেলের জন্য দোয়া করেন। তার উপস্থিতিতে কেন্দ্রে তৈরি হয় আবেগঘন পরিবেশ। অনেকেই এগিয়ে এসে সালাম জানান, খোঁজখবর নেন। তরুণ ভোটাররা কৌতূহলভরে তাকিয়ে থাকেন শতবর্ষী এই ভোটারের দিকে।

গাজীপুরের পাঁচ আসনে উৎসবমুখর ভোট

সকাল হতেই গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন অনেকেই।

এ জেলায় পাঁচটি আসনে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোটও অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ভিড় দেখা গেছে।

পুরুষের পাশাপাশি নারীরাও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে অনেক ভোটার উচ্ছ্বাস প্রকাশ করেন।

নির্বাচন উপলক্ষে প্রশাসন চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। প্রতিটি কেন্দ্রের ভেতরে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

কেন্দ্রের বাইরে স্ট্রাইকিং ফোর্স হিসেবে র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। আচরণবিধি তদারকিতে দায়িত্ব পালন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় প্রায় সাড়ে ১৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

পাশাপাশি ৩৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। পাঁচটি নির্বাচনি অনুসন্ধান (ইনকোয়ারি) টিমও কাজ করছে।

জেলায় ৯৩৫টি ভোটকেন্দ্রে ২৭ লাখ ৩৮ হাজার ২৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা