জুড়ী (মৌলভীবাজার) প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৭ পিএম
জুড়ী থানা। ছবি: সংগৃহীত
মৌলভীবাজার-১ আসনের জুড়ী উপজেলায় এনসিপি নেতা ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে বিএনপি প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠুসহ ৩১ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।
জুড়ী উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আজিম উদ্দিন বাদী হয়ে বুধবার জুড়ী থানায় এই মামলা করেন।
মামলায় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনুসহ ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫০-৬০ জনকে।
এর আগে মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের মাগুরা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ সময় এনসিপি ও জামায়াতে ইসলামীর অন্তত সাতজন নেতা-কর্মী আহত হয়েছেন।
আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, মঙ্গলবার রাত ১০টার দিকে মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির ও জামায়াত প্রার্থী মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলামের প্রধান এজেন্ট মাওলানা আব্দুর রহমান ফুলতলা ইউনিয়নের নিজ নির্বাচনি কার্যালয়ে সমর্থকদের সঙ্গে নির্বাচনি আলোচনা শেষে জুড়ীর উদ্দেশে রওয়ানা হন। পথে মাগুরা এলাকায় পৌঁছালে বিএনপির প্রার্থীসহ তার অনুসারীরা দেশিয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় এবং গাড়িটি ভাঙচুর করে।
হামলায় মাওলানা আব্দুর রহমান, জামায়াত প্রার্থীর বড় ভাই আতিকুল ইসলাম, ছাত্রশিবিরের মৌলভীবাজার জেলা কলেজ সম্পাদক মো. তারেক মিয়া, এনসিপি নেতা জাহিদুল ইসলাম রুমেলসহ সাতজন আহত হন।
খবর পেয়ে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সহকারী রিটার্নিং অফিসার ও জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ দস্তেগির এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন আহতদের খোঁজখবর নেন।
ঘটনার প্রতিবাদে জামায়াত জোটের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা জুড়ী থানার সামনে মৌলভীবাজার–চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। পরে প্রশাসন ও পুলিশের আশ্বাসে প্রায় দুই ঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।
এদিকে বুধবার জামায়াত প্রার্থী মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম এক সংবাদ সম্মেলনে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। বিএনপির প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু পৃথক সংবাদ সম্মেলনে এ ঘটনার সঙ্গে তার কোনও সম্পৃক্ততা নেই বলে দাবি করেন।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিনহাজ উদ্দিন বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।