× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় ভোটের সরঞ্জাম বিতরণ পরিদর্শনে ইইউ প্রতিনিধি দল

বগুড়া অফিস

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৪ পিএম

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার সকাল ১০টায় বগুড়ায় ভোটের সরঞ্জাম বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার সকাল ১০টায় বগুড়ায় ভোটের সরঞ্জাম বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়ায় ভোটের সরঞ্জাম বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল।

ইইউ প্রতিনিধি দলের সদস্য পল ক্যামেলিয়ার ও ইভিলিন কিভিমা বুধবার সকাল ১০টার দিকে বগুড়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে বিতরণ কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তারা ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বরত নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

বগুড়ার ১২টি উপজেলায় মোট ৯৮৩টি ভোটকেন্দ্রে পর্যায়ক্রমে ভোটের সরঞ্জাম পাঠানো হচ্ছে। প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, স্ট্যাম্প, প্রয়োজনীয় ফরম ও অন্যান্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

বগুড়া সদর উপজেলার ১৫০টি ভোটকেন্দ্রের সরঞ্জাম উপজেলা পরিষদ মিলনায়তন থেকে বিতরণ করা হচ্ছে। সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে সরঞ্জাম হস্তান্তর কার্যক্রম শুরু হয়। সহকারী রিটার্নিং অফিসার আব্দুল ওয়াজেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর এবং উপজেলা নির্বাচন অফিসার জায়েদ ইবনে আবুল ফজল প্রিজাইডিং অফিসারদের হাতে সরঞ্জাম তুলে দেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।

রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার সাতটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩৪ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, বাসদ, সিপিবিসহ অন্যান্য দল।

বগুড়া জেলায় ১২টি উপজেলা ও ১২টি পৌরসভা রয়েছে। জাতীয় সংসদের সাতটি আসনে মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৮০ হাজার ৮৭১ জন, নারী ভোটার ১৫ লাখ ১ হাজার ৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪২ জন। জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ভোটকক্ষ রয়েছে ৫ হাজার ৫৭৮টি।

সহকারী রিটার্নিং অফিসার আব্দুল ওয়াজেদ বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী ভোটের সরঞ্জাম সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠানো হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা