রংপুর অফিস
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১১ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১২ পিএম
রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় সম্মেলন কক্ষে রবিবার মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনও শঙ্কা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেছেন, কোথাও কারচুপি হলে আমাদের জানালে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া যেখানে যেমন ব্যবস্থা নেওয়া দরকার তেমন প্রস্তুতি রয়েছে। নির্বাচন সংশ্লিষ্টদের সাথে আলোচনা হয়েছে, এবার শান্তিপূর্ণ, সুষ্ঠু, উৎসব মুখর পরিবেশে ক্রেডিবল নির্বাচন হবে।
রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় সম্মেলন কক্ষে রবিবার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত এলাকার নির্বাচন শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত বিজিবি মোতায়েন করা হবে। সাধারণত বর্ডার এলাকার ৮ কিলোমিটারে সেনাবাহিনী যায় না। যদি পরিস্থিতির কারণে প্রয়োজন হয়, তবে সেখানেও সেনাবাহিনী যাবে।
তিনি বলেন, রংপুর বিভাগের মানুষ শান্তিপ্রিয়। এই অঞ্চলে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি, রংপুর বিভাগীয় কমিশনার, রংপুর রেঞ্জ ডিআইজি, ৮ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি, সশস্ত্র বাহিনীর সদস্য, র্যাব, বিজিবি, আনসার-ভিডিপি কর্মকর্তারা।
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী হেলিকপ্টারযোগে ঢাকা থেকে বিজিবি রংপুর রিজিয়ন সদর দপ্তরে আসেন।