চট্টগ্রাম বন্দর
চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৬ পিএম
এস এম মনিরুজ্জামান। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বন্দরের অপারেশনাল শ্রমিকদের কাজে কেউ বাধা দিলে আইনশৃংখলা বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান।
তিনি বলেছেন, সবাইকে মেসেজ দেওয়া হয়েছে। কাজ শুরু হয়ে যাবে।
বন্দর ভবন চত্বরে রবিবার দুপুরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
এনসিটি নিয়ে নেগশিয়েশন এখনও শেষ হয়নি জানিয়ে বন্দর চেয়ারম্যান বলেন, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নেগশিয়েশন শেষ পর্যায়ে। অনেকে বলছেন তড়িঘড়ি করে নেগশিয়েশন করা হচ্ছে। এটি ঠিক না, ২০১৯ সাল থেকে প্রক্রিয়া শুরু হয়। আগের সরকারের সময় কাজটা ধীর গতিতে অগ্রসর হয়েছে। এখন এটির গতি বাড়ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মবিরতির কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটির জন্য যারা আইনকে হাতে নিয়ে ক্ষতি সাধন করেছে তারাই দায়ী। ক্ষয়ক্ষতি নির্ধারণের জন্য একটি জয়েন্ট কমিটি হয়েছে। সেখানে এনবিআরের প্রতিনিধি আছে। তারা স্টাডি করে রিপোর্ট দিবে। আমরা আইনের বাইরে কিছু করব না। আইনের মধ্য থেকে নীতিমালায় যেগুলো আছে, সেই অনুসারে কাজ করব।