× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামায়াতের এক পাল্লায় আমেরিকা, আরেক পাল্লায় ভারত: রেজাউল করিম

বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৮ পিএম

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৫ পিএম

বাউফলে শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনি জনসভা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাউফলে শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনি জনসভা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর বাউফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীর পক্ষে আয়োজিত এক নির্বাচনি জনসভায় দলটির আমির সৈয়দ রেজাউল করিম বলেছেন, দেশে ন্যায়বিচারের নামে ভিন্ন স্বার্থ কাজ করছে।

জামায়াত ইসলামীর উদ্দেশে সৈয়দ রেজাউল করিমের বলেন,  “এখন আমরা দাঁড়িপাল্লার দুই পাল্লা দেখি—এক পাল্লার ভেতরে গোপনে আমেরিকা, আরেক পাল্লার ভেতরে গোপনে ভারত।”

বাউফলে শনিবার অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। 

তিনি বলেন, বাংলাদেশি জনগণ কোনো বিদেশি শক্তির বিচারব্যবস্থা বা ন্যায়বিচার চায় না। তারা চায় ইসলামের ন্যায়বিচার।

তার দাবি, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে দেশে ইসলামের পক্ষে একটি অনুকূল পরিবেশ তৈরি হয়েছে এবং ইসলামী আন্দোলন সেই সুযোগ কাজে লাগাতে চায়।

রেজাউল করিম বলেন, দেশের প্রচলিত রাজনৈতিক ধারায় ক্ষমতার পালাবদলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়। আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিএনপি ঘরছাড়া হয়, বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগ ঘরছাড়া হয়।

তবে ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে কোনো নিরপরাধ মানুষকে ঘর ছাড়তে হবে না। সবাই দেশে বুক ফুলিয়ে চলতে পারবে, বলেন তিনি।

রাষ্ট্র পরিচালনা প্রসঙ্গে তিনি আরও বলেন, বিএনপি বা জামায়াত কেউই ইসলামভিত্তিক রাষ্ট্রব্যবস্থার কথা স্পষ্টভাবে বলেনি। বরং তারা প্রচলিত কাঠামোর মধ্যেই রাষ্ট্র পরিচালনার কথা বলেছে। 

“আমরা বলেছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি বিজয়ী হয়, তাহলে আমরা ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনা করব,” যোগ করেন তিনি।

বর্তমান আইনি ও রাজনৈতিক কাঠামোর সমালোচনা করে ইসলামী আন্দোলনের আমির বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও দেশ দুর্নীতিমুক্ত হতে পারেনি।

তার অভিযোগ, এই ব্যবস্থার কারণেই দেশ একাধিকবার দুর্নীতিতে শীর্ষ অবস্থানে গেছে এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে ‘বেগমপাড়া’ তৈরি হয়েছে।

জনসভা শেষে তিনি পটুয়াখালী-২ আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আবদুল মালেক হোসেনের হাতে দলীয় প্রতীক হাতপাখা তুলে দিয়ে ভোট প্রার্থনা করেন।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতা বক্তব্য দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা