ফেনী প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৯ এএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৬ পিএম
কয়েকজন দলীয় কর্মীকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তারিকুল ইসলাম ভূঁইয়া ফেনী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকের সামনে অনশনে বসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফেনী–২ আসনে প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালন করছেন গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়া।
কয়েকজন দলীয় কর্মীকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি ফেনী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকের সামনে অনশনে বসেন।
এ সময় কার্যালয়ে প্রবেশ করতে আসা কয়েকজন অতিরিক্ত জেলা প্রশাসকের গাড়ি প্রধান ফটকের সামনে সাময়িকভাবে আটকে যায়। পরে তারা বিকল্প সড়ক ব্যবহার করে কার্যালয়ে প্রবেশ করেন।
অনশনস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তারিকুল ইসলাম ভূইয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনের বিরুদ্ধে হয়রানি ও হুমকির অভিযোগ করেন।
তার দাবি, ফেনী–২ আসনে নির্বাচনি আচরণবিধি ‘চরমভাবে লঙ্ঘিত’ হলেও এ বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
তিনি বলেন, “সদর এসিল্যান্ড জসিম উদ্দিন আমার সঙ্গে খারাপ আচরণ করছেন এবং বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। কিন্তু রিটার্নিং কর্মকর্তা এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন না।” তাঁর অভিযোগ, নির্দিষ্ট এক প্রার্থীর পক্ষে বিলবোর্ড ও রঙিন প্রচারণায় একতরফাভাবে সুযোগ দেওয়া হচ্ছে।
তারিকুল ইসলাম ভূঁইয়া হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী আট ঘণ্টার মধ্যে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনকে প্রত্যাহার না করা হলে তিনি আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
এ বিষয়ে জানতে চাইলে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।