মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৪ পিএম
কিশোরগঞ্জ জেলা কারাগারে বুধবার সকালে মিলন মিয়ার বাবার লাশ নেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কারাগারের চার দেয়ালে বন্দি থেকেই কানে আসে বাবার মৃত্যুর খবর। ইচ্ছে ছিলো বাবার শেষ বিদায়ের আগে বাবার জানাজায় অংশ নেয়া। কিন্তু সে ইচ্ছে পূরণ হলো না ছেলে মিলন মিয়ার। প্যারোলে মুক্তির আবেদন নামঞ্জুর হওয়ায় বাবার লাশ নেওয়া হয় জেল গেইটে।
কিশোরগঞ্জ জেলা কারাগারে বুধবার সকালে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
মিলন মিয়ার আইনজীবী জানান, কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পানাউল্লারচর এলাকার বাসিন্দা মিলন মিয়া (৪৫)। রাজনৈতিক মামলায় আটক থাকা অবস্থায় মারা যান তার বাবা ফুল মিয়া। দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। মঙ্গলবার দুপুরে ভৈরবের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাবার জানাজায় অংশ নিতে মঙ্গলবার জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। তবে সেই আবেদন নামঞ্জুর করে মরদেহ কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সেখানেই শেষবার বাবাকে দেখেন মিলন।
মিলনের চাচা মতিউর রহমান বলেন, “আমার ভাই মারা গেলে জেলখানায় থাকা ভাতিজাকে প্যারোলে মুক্তির জন্য আদালতে আবেদন করা হয়। কিন্তু আদালত জামিন না মঞ্জুর করায় আমার ভাইয়ের মরদেহ জেলখানায় আনা হয়”।
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার রিতেশ চাকমা বলেন, “জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে পাওয়া নির্দেশনা অনুযায়ী কারাগারের গেটেই মরদেহ দেখার সুযোগ করে দেওয়া হয়েছে”।
২০২৪ সালের ১৪ আগষ্ট একটি রাজনৈতিক মালায় মওিলন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আরও কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।