রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৪ পিএম
বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী (জাহাজ প্রতীক) দুলাল হোসেন। এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বুধবার দুপুরে তিনি এ ঘোষণা দেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী (জাহাজ প্রতীক) দুলাল হোসেন।
এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বুধবার দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান।
সংবাদ সম্মেলনে দুলাল হোসেন বলেন, তিনি ব্যক্তিগতভাবে বিএনপির আদর্শে বিশ্বাসী এবং দলের সিদ্ধান্তের বাইরে নন। নারায়ণগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে জয়যুক্ত করার লক্ষ্যে এবং দলীয় ঐক্য বজায় রাখতে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এখন থেকে তিনি ধানের শীষের পক্ষেই নির্বাচনি মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
দুলাল হোসেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
দুলাল হোসেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ফলে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে এখন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ৬ জনে।