মুন্সীগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৩ পিএম
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত হয়েছেন।
এক্সপ্রেসওয়ের কেওয়াটখালী এলাকায় মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঢাকার মুগদা এলাকার মো. আরিফ (৪৫) ও ফরিদপুরের মো. মামুন (৩৫)।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল সড়ক বিভাজনে গিয়ে ছিটকে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। মরদেহগুলো হাসাড়া হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে হাসাঁড়া হাইওয়ে থানার ওসি এ টি এম মাহমুদুল হক জানান, নিহতদের পরিবারকে জানানো হয়েছে। নিহতের পরিবার এলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।