গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৫ পিএম
ময়মনসিংহের গৌরীপুরে সোমবার ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে লামিয়া আক্তার মিম নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ময়মনসিংহের গৌরীপুরে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে লামিয়া আক্তার মিম (২১) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
গৌরীপুর রেলজংশনের আউটার সিগন্যাল এলাকার কাছে সোমবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। গৌরীপুর রেলজংশনের স্টেশন মাস্টার সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত লামিয়া আক্তার মিম গৌরীপুর সরকারি কলেজের মনোবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি উপজেলার গাভীশিমুল গ্রামের সাদিকুল ইসলামের মেয়ে।
নিহতের বড় বোন সামান্তা নাজনীন জানান, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর গত বছরের ১৬ সেপ্টেম্বর লামিয়া ও গৌরীপুর পৌরসভার ভালুকা মহল্লার আবুল কাসেমের ছেলে রাকিব (৩০) গোপনে বিয়ে করেন। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে রাকিবের পরিবার এ বিয়ে মেনে নিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। বিয়ে মেনে না নেওয়াকে কেন্দ্র করে রাকিবের পরিবারের পক্ষ থেকে লামিয়ার ওপর মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছিল। ঘটনার আগের রাত থেকে রাকিব তার ফোন রিসিভ করছিল না। এতে লামিয়া মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। সোমবার সকালে তাকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর খবর আসে, এক তরুণী ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। পরে কাপড়চোপড় দেখে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।
গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, লোকমুখে খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে গৌরীপুর রেলজংশনের আউটার সিগন্যালের বাইরে গজন্দর গ্রাম এলাকা থেকে লামিয়া আক্তার মিমের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
গৌরীপুর রেলজংশনের স্টেশন মাস্টার সফিকুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে জারিয়াগামী লোকাল ট্রেনটি সকাল ৬টা ৪২ মিনিটে গৌরীপুর জংশন অতিক্রম করে শ্যামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রাথমিকভাবে মনে হচ্ছে আউটার সিগন্যালের বাইরে ওই তরুণী ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন।
এ বিষয়ে জানতে চাইলে রাকিবের বাবা আবুল কাসেম বিয়ে মেনে না নেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি জানান, ঘটনার পর নিহতের পরিবারের সঙ্গে আপোষ-মীমাংসার চেষ্টা চলছে।