কুমিল্লা অফিস
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৯ এএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫১ এএম
কুমিল্লার দেবীদ্বারে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বৈধতা বাতিল হওয়ায় জেলা নেতাকর্মীদের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।
কুমিল্লা-৪ দেবীদ্বার আসনে বিএনপির প্রার্থী না থাকায় জেলা নেতাকর্মীদের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। সাবেক মন্ত্রী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় দীর্ঘ ১৬ বছর ধরে চলমান রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে আসা বিএনপি কর্মীদের আশায় ধস নেমেছে।
বিশেষ করে আসনটি থেকে ‘ধানের শীষ’ প্রতীক বাদ পড়ায় হতাশা আরও প্রকট হয়েছে।
সুপ্রিম কোর্টের রায়
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে কুমিল্লা-৪ আসন থেকে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বৈধতা ফিরে পাওয়ার আপিল রবিবার খারিজ হয়ে গেছে।এতে আসনটিতে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীতা শূন্যতা দেখা দিয়েছে।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী জানান, “আমরা হতাশ এবং ক্ষুব্ধ। দেবীদ্বার বিএনপির শক্ত ঘাঁটি।
“দলীয় প্রার্থীর অনুপস্থিতিতে নেতাকর্মীরা দিশাহীন হয়ে পড়েছে। তবে এই হতাশা থেকে শক্তি নিয়ে আমরা দলকে আরও সংগঠিত করার চেষ্টা চালাব।”
মনোনয়ন বাতিল: নেতাদের ব্যাখ্যা
এএফএম তারেক মুন্সী মনে করেন, মনজুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল হওয়া ছিল প্রার্থীর অসতর্কতার কারণে।
তিনি বলেন, “মঞ্জুরুল আহসান যদি আগে থেকেই ঋণ খেলাপির তথ্য খেয়াল করতেন বা যে আইনজীবী দায়িত্ব পালন করেছেন, তিনি সতর্ক থাকলে হয়তো এই ক্ষতি এড়ানো যেত।
“অনেকেই খেলাপি বিষয় সমাধান করে নির্বাচনে অংশ নিয়েছেন।”
এদিকে, দেবীদ্বারের বিএনপি নেতা মাসুদ রানা প্রশ্ন তুলে বলেন, “দেবীদ্বার পুরো চুপচাপ। নেতাকর্মীরা হতাশ। এতদিন মামলা-হামলা সহ্য করেও যে ফল পাওয়ার কথা, তা কি পাওয়া গেল?
“এখন কেউ জানে না আমরা কাদের সমর্থন দেব। কেন্দ্র সিদ্ধান্ত নেবে।”
বিএনপি প্রার্থীর অনুপস্থিতিতে দেবীদ্বার আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ (এনসিপি) এবং গণঅধিকার পরিষদের জসিম উদ্দিনসহ আরও চারজন প্রার্থী।