নোমান মুন্না জয়, ভালুকা (ময়মনসিংহ) থেকে
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১১ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৮ পিএম
ময়মনসিংহের ভালুকা থানার একটি বিশেষ টিম রবিবার ভোররাতে অভিযান চালিয়ে রাসেল মিয়াকে গ্রেপ্তার করে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ময়মনসিংহের ভালুকার উথুরা ইউনিয়নের নামী একটি কোম্পানিতে চুরি, ভাঙচুর ও দখলচেষ্টার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানার একটি বিশেষ টিম রবিবার ভোররাতে অভিযান চালিয়ে রাসেল মিয়া ও তার সহযোগী অশ্রু মিয়াকে গ্রেপ্তার করে।
গত শনিবার কোম্পানির প্রতিনিধি মো. আব্দুল হালিম বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে রাসেল মিয়া ও তার দলবল প্রকল্প এলাকায় অবৈধভাবে প্রবেশ করে শ্রমিকদের ভয়ভীতি দেখানো, জমি দখলের চেষ্টা, বিভিন্ন জিনিসপত্র নষ্ট ও সম্পত্তি লুটপাট করে আসছিল। সর্বশেষ ঘটনায় তারা ইলেকট্রিক তার, পানির মোটরসহ বেশ কিছু মূল্যবান গাছ কেটে নিয়ে যান, যা পরবর্তী সময়ে বিক্রি করে দেন। এ ছাড়া জমি দখল ও বিভিন্ন জিনিসপত্র নষ্টের ঘটনায় প্রায় ২০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়।
অভিযুক্ত রাসেল মিয়ার বাবা মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করেন।
কয়েকজন প্রতিবেশীর ভাষ্য, রাসেল দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তিনি কোম্পানির জমিতে মাদক সেবন ও বিক্রিসহ নানা অসামাজিক কাজ করে আসছেন।
এ বিষয়ে বাদী মো. আবদুল হালিম মিয়া বলেন, আসামিরা সংঘবদ্ধভাবে কোম্পানির গাছ কাটা, লুটপাট ও ক্ষয়ক্ষতির পাশাপাশি কোম্পানির বৈধ কার্যক্রমে বাধা সৃষ্টি করছিলেন। প্রতিবাদ করায় কোম্পানির কর্মচারীদের ওপর হামলার চেষ্টাও করেন তারা।
এ বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ‘এজাহারে উল্লেখিত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে যাচাই করে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
‘মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’