দিনাজপুর সংবাদদাতা
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২২ ২০:৪৮ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২ ২০:৫৮ পিএম
বড়দিন উপলক্ষে মাটির ঘরের দেয়াল রাঙাচ্ছেন এক নারী। ছবি : প্রবা
খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে সাজানো হচ্ছে দিনাজপুরের বিভিন্ন খ্রিস্টান ও সাঁওতালপাড়া। রংতুলির আঁচড়ে মাটির ঘরের দেয়ালে ফুটিয়ে তোলা হচ্ছে নানা চিত্রকর্ম। ফুল, বেলুন ও কাগজের নকশা দিয়ে রাঙানো হচ্ছে উপাসনালয়।
শুক্রবার (২৩ ডিসেম্বর) জেলার ফুলবাড়ী উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে উপজেলার সাতটি ইউনিয়নের ৫৮টি গির্জার সজ্জায় ব্যস্ত রয়েছে স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বী ও সাঁওতালরা।
উপজেলার বেতদিঘি ইউনিয়নের সূর্যপাড়া গ্রামে বাড়ি সাজাতে ব্যস্ত সময় পার করছেন লিমা মার্ডি। তিনি জানান, এটি তাদের প্রধান ধর্মীয় উৎসব। কয়েকদিন ধরে উৎসব ঘিরে বাড়ির সাজসজ্জায় ব্যস্ত তিনি। ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে পরিবারের জন্য কিনেছেন কেক। তৈরি করছেন বিশেষ খাবার।
-63a5bf8a6ebfa.jpg)
ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের পারইল কদবীর ক্যাথলিক চার্চের ইনচার্জ ফাদার জসিম ফিলিপ মুর্মু জানান, উপজেলার সবগুলো গির্জায় বর্ণিল সাজে কয়েক দিন ধরেই চলছে উৎসবের প্রস্তুতি। তাদের বিশ্বাস, যিশুর জন্ম হয়েছিল গোয়ালঘরে। সেই স্মৃতি স্মরণ করে বড়দিন উপলক্ষে গির্জাগুলোতে তৈরি করা হয়েছে প্রতীকী গোয়ালঘর। অনেকে তাদের বাড়িতেও তৈরি করেছেন গোয়ালঘর।
একই চার্চের সিস্টার প্রীতি গোমেজ বলেন, করোনার কারণে গত দুবছর উপজেলায় তেমন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালিত হয়নি। এবার ব্যপক উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হবে বড়দিন।
এদিকে ফুলবাড়ী উপজেলার প্রতিটি গির্জায় বড়দিন উদযাপনের জন্য ২৯ হাজার মেট্রিকটন কেজি চাল সহায়তা দিয়েছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম বলেন, ‘উপজেলার ৫৮টি গির্জায় সরকারিভাবে ২৯ হাজার মেট্রিক টন চাল সহায়তা দেওয়া হয়েছে। বড়দিন উদযাপন সুশৃঙ্খলভাবে পালনে সহায়তা করতে আইনশৃঙ্খলাবাহিনী প্রস্তুত রয়েছে।’