× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাশরুম চাষে সফল কলেজ পড়ুয়া তিন বন্ধু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬ ০৮:৩৩ এএম

মাশরুম। ছবি: সংগৃহীত

মাশরুম। ছবি: সংগৃহীত

চাকরির পেছনে না ছুটে নিজ উদ্যোগে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নিয়ে রাঙ্গুনিয়ায় বাণিজ্যিক মাশরুম চাষে সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন তিন কলেজ পড়ুয়া বন্ধু। অল্প পুঁজি ও আধুনিক পদ্ধতিতে চাষ করে সফলতার পথে এগিয়ে যাচ্ছেন তারা। উপজেলার লালানগর বেরীবাদ এলাকায় আলাদা দুটি কক্ষে আধুনিক পদ্ধতিতে উন্নত জাতের মাশরুম চাষ করে অল্প সময়েই তারা আশাব্যঞ্জক সাড়া পাচ্ছেন। তাদের গড়ে তোলা এই উদ্যোগের নাম ‘আল ফালাহ মাশরুম ফার্ম’।

উদ্যোক্তা তিন বন্ধুÑ মো. নাজিম, মীর রাকিব ও মো. এনাম। সবাই কলেজে পড়ছেন। পড়ালেখার পাশাপাশি সময়কে কাজে লাগিয়ে কিছু করার তাগিদ থেকেই মাশরুম চাষের উদ্যোগ। প্রথম বছর পরীক্ষামূলকভাবে উৎপাদন করেন মাত্র ১৫০ প্যাকেট মাশরুম। শুরুতে অনভিজ্ঞতা ও ঝুঁকি থাকলেও ধীরে ধীরে আত্মবিশ্বাস বাড়ে। বর্তমানে ফার্মে উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫০০ প্যাকেট। তারা জানান, ‘ফার্ম চালুর ২০ দিন পর থেকেই ফলন পাওয়া শুরু হয়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে ৪ থেকে ৫ কেজি মাশরুম বিক্রি করছেন।’ কয়েকদিনের মধ্যেই উৎপাদন আরও বাড়বে এবং তখন দৈনিক ১০ থেকে ১৫ কেজি মাশরুম বিক্রি করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।

তবে মাশরুম চাষ সহজ নয় বলেও অকপটে স্বীকার করেন তারা। উদ্যোক্তারা বলেন, ‘আমরা মাশরুম চাষে নতুন, তাই শুরুতে অনেক ভয় কাজ করত। মাশরুম খুবই সেনসিটিভ ফসলÑ তাপমাত্রা, আর্দ্রতা আর পরিচর্যায় একটু ভুল হলেই ক্ষতি হতে পারে। তাই খুব সাবধানে প্রতিটি ধাপ অনুসরণ করতে হয়।’

বর্তমানে তারা বিভিন্ন স্থান থেকে উন্নত মানের বীজ সংগ্রহ করে চাষ করছেন। পাশাপাশি ভবিষ্যতে নিজেরাই মাশরুমের বীজ (স্পন) উৎপাদনের পরিকল্পনা করছেন, যাতে খরচ কমানো যায় এবং মান নিয়ন্ত্রণ সহজ হয়।

রাঙ্গুনিয়া উপজেলা কৃষি অফিসার মো. ইমরুল কায়েস বলেন, ‘আল ফালাহ মাশরুম ফার্ম আমাদের তরুণ সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। এ ধরনের উদ্যোগ বেকারত্ব কমানোর পাশাপাশি পুষ্টিকর খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ তিনি জানান, তিন উদ্যোক্তাকে ৭ দিনব্যাপী মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

উদ্যোক্তারা জানান, মাশরুম চাষকে আরও বিস্তৃত করতে এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে তারা সরকারি প্রশিক্ষণ ও আর্থিক সহযোগিতা প্রত্যাশা করছেন। প্রয়োজনীয় সহায়তা পেলে তারা বৃহৎ পরিসরে উৎপাদনে যেতে আগ্রহী।

সব মিলিয়ে, রাঙ্গুনিয়ার এই তিন কলেজ পড়ুয়া বন্ধুর উদ্যোগ প্রমাণ করে সঠিক পরিকল্পনা, পরিশ্রম ও সাহস থাকলে অল্প পুঁজি দিয়েও সফল উদ্যোক্তা হওয়া সম্ভব। তাদের এই উদ্যোগ স্থানীয় তরুণদের জন্য অনুপ্রেরণার নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা