গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬ ১১:৫৫ এএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬ ১১:৫৬ এএম
কাশিমপুর কারাগারের প্যারেড গ্রাউন্ডে মঙ্গলবার ৬৩তম ব্যাচ মহিলা কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কারা সদস্যরা কোনও স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়, বরং তারা রাষ্ট্রের জনগণের টাকায় বেতনভুক্ত সরকারি কর্মচারী এবং জনগণের কল্যাণই তাদের একমাত্র ব্রত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
কাশিমপুর কারাগারের প্যারেড গ্রাউন্ডে মঙ্গলবার সকালে ৬৩তম ব্যাচ মহিলা কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি একটি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। দুর্নীতি শুধু অর্থনীতির ক্ষতি করে না। এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে ক্ষয় করে এবং জনগণের বিশ্বাস ভেঙে ফেলে। কোনও কারা সদস্য যদি নিজ স্বার্থ, লোভ বা রাজনৈতিক সুবিধার অংশ হিসাবে কাজ করে, তখন সে শুধু আইন ভাঙে না, রাষ্ট্রের ভিত্তিও দুর্বল করে।
এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা প্রশিক্ষাণার্থীদের উদ্দেশে বলেন, ৬৩তম ব্যাচ মহিলা কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সম্পন্নকারী সবার ভবিষ্যত জীবনের সাফল্য কামনা করি।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তাফা কামাল, কর্নেল মো. তানভীর হোসেন, কর্নেল মেছবাহল আলম সেলিম, মো. জাহাঙ্গীর কবির এবং প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট টিপু সুলতান, গাজীপুরের পুলিশ কমিশনার, উপ-কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে প্রথমেই প্রধান অতিথির প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়ে নবীন প্রশিক্ষণার্থীদের সশস্ত্র সালাম ও অভিবাদন গ্রহণের মাধ্যমে সমাপনী কুচকাওয়াজের অনুষ্ঠান শুরু হয়। কুচকাওয়াজ শেষে প্রশিক্ষণে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়। পিটি, ড্রিল, ফায়ারিং, অস্ত্রবিহীন যুদ্ধ, লিখিত পরীক্ষা ও সর্ববিষয়ে চৌকস- এই ছয়টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থী নির্বাচন করা হয়।