কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬ ১২:৪৩ পিএম
রামুর একটি গ্রামে পাওয়া বোমা সদৃশ্য বস্তু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজারের রামুর একটি গ্রামে পাওয়া বোমা সদৃশ্য একটি বস্তু উদ্ধার হয়েছে, যা গত ১০ বছর ধরে কাপড় ধোয়ার কাজে ব্যবহার করা হয়েছে। বস্তুটিকে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত বোমা’ বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
পুলিশ জানিয়েছে, এটি লম্বায় অনুমানিক ৪ ফুট, ব্যাসার্ধ অনুমানিক ৪ ফুট, মরিচা থাকায় বডিতে কিছু লেখা পাওয়া যায়নি।
রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া রবিবার দুপুরে জানিয়েছেন, রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা তচ্ছাখালী গ্রামের একটি পুকুর পাড়ে পাওয়া বস্তুটিতে গত ১০ বছর ধরে কাপড় ধোঁয়ার কাজ চালানো হয়।
তিনি বলেন, স্থানীয় এক সচেতন নাগরিক বোমার বিষয়টি পুলিশকে জানালে শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এরপর বস্তুটিকে নিরাপদ স্থানে রেখে চারপাশে ঘিরে রাখার পাশাপাশি নজরদারিতে রয়েছে।
তিনি আরও বলেন, সেনাবাহিনীকে বিষয়টি অবহিত করার পর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত বোমা বলে ধারণা করা হচ্ছে। ফলে নিরাপদে নিষ্ক্রিয় করার পরিকল্পনা চলছে।
রামুর ইতিহাস গবেষক আইনজীবী শিরূপন বড়ুয়া সামাজিক মাধ্যম ফেসবুকে বোমা সদৃশ্য বস্তুটির ছবি শেয়ার করে বস্তুটিকে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের অবিস্ফোরিত বোমা বলে দাবি করেছেন।
তিনি লেখেন, “২য় বিশ্বযুদ্ধের বোমা! এই বোমাটার ওপর নাকি অনেকদিন যাবত মানুষ কাপড় কাচার কাজ করত! এটাতে এক্সপ্লোসিভ আছে কি না পরীক্ষা করা দরকার। না থাকলে সংরক্ষণ করা উচিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মারক হিসেবে। এটাও তো রামুর ইতিহাসের অংশ।”