রংপুর অফিস
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬ ১০:৪০ এএম
রংপুরে জুলাই অভ্যূত্থানের শহীদদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভে শুক্রবার সকালে পুস্পার্ঘ্য অর্পন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আদিলুর রহমান খান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি এবং ফ্যাসিবাদের সহযোগীরাই গণভোটে ‘হ্যাঁ’ এর বিরুদ্ধে দাঁড়াতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
তিনি বলেন, যারা ফ্যাসিবাদের সহযোগী, গণ-মানুষের প্রতিপক্ষ, গণভোট নিয়ে তাদের অন্য চিন্তা রয়েছে। দেশের জনগণ ও জনতার জোয়ার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে।
রংপুরে জুলাই অভ্যূত্থানের শহীদদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভে শুক্রবার সকালে পুস্পার্ঘ্য অর্পন করে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশকে মুক্ত করেছে। জুলাইয়ে যারা শহীদ হয়েছে তাদের আত্মত্যাগ আমরা জানি। জুলাইয়ে তাদের সাথে আমরা রাজপথে ছিলাম। হাজার হাজার মানুষ আহত হয়েছে। গণঅভ্যূত্থানের মধ্য দিয়ে এ সরকার এসেছে। তাই এ সরকার জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। সেজন্য গণভোটে ‘হ্যাঁ’ হোক- এটা আমরা চাই।
তিনি বলেন, গণভোট নিয়ে রংপুরের প্রশাসনের সাথে আমি কথা বলব। দেশে ফ্যাসিবাদের পতন ঘটানোর জন্য যারা জীবন দিয়েছে, তাদের এই চেতনাকে সামনে রেখে জুলাই সনদ তৈরি হয়েছে। তাই জুলাই সনদের পক্ষে গণভোট। একটি জাতির জীবনে শত বছরে এমন সুযোগ আসে না। একই সাথে সাধারণ নির্বাচন হচ্ছে। আমরা আশা করছি নির্বাচন যেন সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে ও উৎসব মুখর হয়।’
এ সময় উপস্থিত ছিলেন, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন অর রশীদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক খৃষ্টফার হিমেল রিছিলসহ প্রশাসনের কর্মকর্তারা।