কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬ ১৯:৫৮ পিএম
টমছমব্রিজ এলাকা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টার পর আরিফুলকে পাঁচটি গুলি, একটি ছুরিসহ আটক করেন পুলিশ সদস্যরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুমিল্লায় আগ্নেয়াস্ত্র, গুলিসহ কুমিল্লা আদালতের এক আইনজীবী আটক করেছে সদর দক্ষিণ থানা ও ইপিজেড ফাঁড়ির যৌথ পুলিশ দল।
নগরের টমছমব্রিজ এলাকা থেকে বৃহস্পতিবার ভোরে আরিফুল ইসলাম (৩৬) নামের এক যুবকের দেওয়া তথ্যানুযায়ী তাকে আটক করা হয়ে বলে জানিয়েছেন ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সাইফুল ইসলাম।
এসময় আরিফুলকেও ৫টি গুলি, একটি ছুরিসহ আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যে আইনজীবি ও এজিপি কে আই এম মাসুদুল হক ওরফে মাসুমের (৫১) বাসা থেকে একটি বিদেশি আগ্নেআস্ত্র, ২টি ম্যাগাজিন ও ৫টি গুলি উদ্ধার করা হয়।
মাসুদুল হক জামায়াতপন্থী আইনজীবী হিসেবে পরিচিত। তিনি কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম এমদাদুল হকের ছোট ভাই। এ ঘটনায় আটক আরিফুল ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা।
সাইফুল ইসলাম বলেন, “আজ সকাল ছয়টার পর টমছমব্রিজ এলাকা থেকে আরিফুলকে পাঁচটি গুলি, একটি ছুরিসহ আটক করেন পুলিশ সদস্যরা। পরে তাঁর মুঠোফোন তল্লাশি করে অস্ত্রের ছবি পাওয়া যায়। এরপর জিজ্ঞাসাবাদে জানান, মাসুদুল হকের বাসায় আছে অস্ত্রটি। তাঁর দেওয়া তথ্যে তাৎক্ষণিক অভিযান চালিয়ে মাসুদুল হকের বাসায় ওয়ার্ডরোব থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়। মাসুদুল ও আরিফুলকে পুলিশের হেফাজতে নেওয়া হয়”।
ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সাইফুল ইসলাম বিষয়টি বলেন,“আটক দুজনের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র আইনে মামলা করার প্রস্তুতি চলছে”।