বগুড়া অফিস
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬ ১৪:৫০ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া-৬ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হয়েছে।
বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নে বৃহস্পতিবার সকালে একটি উঠান বৈঠক শেষে ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনার মধ্য দিয়ে এ প্রচারের সূচনা করেন তারেক রহমানের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
এ সময় রেজাউল করিম বাদশা বলেন, বগুড়ার মাটি ও মানুষের সন্তান তারেক রহমান এই প্রথম বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এটি বগুড়াবাসীর জন্য আনন্দের ও আশাব্যঞ্জক খবর। ভোটারদের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যাচ্ছে। ভোটাররা বলছেন, ‘তারেক আমাদের সন্তান। আমরা শুধু তাকে ভোটই দেব না, তার জন্য ভোটও সংগ্রহ করব।’
তিনি আরও জানান, চলতি মাসের শেষের দিকে বিএনপির চেয়ারম্যান নিজেই বগুড়ায় এসে নির্বাচনী প্রচারে অংশ নেবেন। বগুড়াবাসী সর্বোচ্চ ভোটে তারেক রহমানকে বিজয়ী করে রেকর্ড গড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। রেজাউল করিম বলেন, এর মধ্য দিয়ে আবারও প্রমাণিত হবে- বগুড়া বিএনপির দুর্গ।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খানসহ দলীয় নেতা-কর্মীরা।
অন্যদিকে, বগুড়া-৬ আসনে তারেক রহমানের প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার সকাল আটটায় শহরের নামাজগড় আঞ্জুমান-ই-মফিদুল কবরস্থানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ রাতুলসহ অন্যান্য শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে তিনি আনুষ্ঠানিক প্রচার শুরু করেন।
প্রচারে হুমকি পাওয়ার অভিযোগ তুলে আবিদুর রহমান বলেন, “জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর বগুড়ার রাজনীতির চিত্র বদলে গেছে। বগুড়া আর কোনো দলের একক দুর্গ নয়। আগামী নির্বাচনে ভোটাররাই ব্যালটের মাধ্যমে তার প্রমাণ দেবেন।”
এ ছাড়া বগুড়া-৬ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন, বাসদের জেলা কমিটির সদস্যসচিব দিলরুবা নূরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু নুমান মো. মামুনুর রশিদ এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) প্রার্থী আব্দুল্লাহ আল ওয়াকি।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়া-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৬ জন, নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন।