বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬ ১২:৪৩ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৬ ১৩:৫৮ পিএম
বাকেরগঞ্জের ফরিদপুর ইউনিয়নে অবৈধ ইটভাটায় বুধবার অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি তনময় হালদার। প্রবা ফটো
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ৬ ইটভাটা মালিককে জরিমানা করা হয়েছে। দিনব্যাপী পরিচালিত এই অভিযানে ইটভাটাগুলোকে মোট ৫ লাখ টাকা জরিমানা এবং নিষিদ্ধ চিমনি ভেঙে দেওয়া হয়।
উপজেলার ফরিদপর ইউনিয়নের ওয়ান স্টার, সেভেন স্টার, টু স্টার, এএটু, এমএমবি এবং এএসআইএ নামক ইটভাটায় বুধবার এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার।
অভিযানকালে দেখা যায়, ইটভাটাগুলো কোনো প্রকার বৈধ লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা করছিল এবং সরকারি নির্দেশ অমান্য করে ক্ষতিকর চিমনি ব্যবহার করছিল। এ সময় ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ এর ১৫(১)ক এবং ১৫(১)খ ধারা অনুযায়ী ৬টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় ভাটা মালিকদের কাছ থেকে মোট ৫ লক্ষ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। একই সাথে ভাটায় ব্যবহৃত নিষিদ্ধ ড্রাম চিমনিগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযান প্রসঙ্গে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ বলেন, "পরিবেশ দূষণ রোধ এবং আবাদি জমি রক্ষায় আমরা বদ্ধপরিকর। লাইসেন্সবিহীন ইটভাটাগুলো একদিকে যেমন আইন অমান্য করছে, অন্যদিকে জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি করছে। জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের এই 'জিরো টলারেন্স' নীতি এবং উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে"।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার জানান, "আজকের অভিযানে ছয়টি ভাটায় জরিমানা করার পাশাপাশি নিষিদ্ধ চিমনি ধ্বংস করা হয়েছে। পরিবেশের জন্য হুমকিস্বরূপ যেকোনো স্থাপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।"
অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।