গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬ ১২:১৭ পিএম
মো. সিরাজুল ইসলাম সিরাজ, এম এইচ খান মঞ্জু এবং মো. হাবিবুর রহমান হাবিব। ছবি: কোলাজ, প্রতিদিনের বাংলাদেশ
দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গোপালগঞ্জের তিন বিএনপি নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
কেন্দ্রীয় বিএনপি বুধবার রাতে তাদেরকে দল থেকে বহিষ্কার করে।
বহিষ্কৃত ব্যক্তিরা হলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমানে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এইচ খান মঞ্জু। তিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে গোপালগঞ্জ-২ আসনে (সংসদীয় আসন-২১৬) স্বতন্ত্র প্রার্থী হিসেবে হরিণ প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।
জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমানে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. সিরাজুল ইসলাম সিরাজকে একই কারণে বহিষ্কার করা হয়েছে। তিনিও গোপালগঞ্জ-২ আসনে (সংসদীয় আসন-২১৬) স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেওয়াল ঘড়ি প্রতিকে নির্বাচনে অংশ নিচ্ছেন।
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. হাবিবুর রহমান হাবিবকেও একই কারণে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনিও দলের সিদ্ধান্ত অমান্য করে গোপালগঞ্জ-৩ আসনে (সংসদীয় আসন-২১৭) স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতিকে নির্বাচনে অংশগ্রহণ করছেন।
বিএনপি দলীয় সূত্রে জানাগেছে, প্রত্যাহারের শেষ দিন তারা মনোনয়নপত্র প্রত্যাহার না করায় এবং দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় তাদের বহিষ্কার করা হয়।
গোপালগঞ্জের তিনটি আসনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। তারা হলেন, গোপালগঞ্জ-১ (সংসদীয় আসন-২১৫) থেকে মো. সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-২ (সংসদীয় আসন-২১৬) থেকে কে এম বাবর ও গোপালগঞ্জ-৩ (সংসদীয় আসন-২১৭) থেকে এস এম জিলানী।