নোয়াখালী-২ আসন
নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬ ২০:৩৯ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৬ ২০:৪০ পিএম
নোয়াখালী-২ আসনের এসিপি প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া ও জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ। ছবি: কোলাজ (প্রতিদিনের বাংলাদেশ)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০ দলীয় নির্বাচনি ঐক্যের অংশ হিসেবে নোয়াখালী-২ আসনের এনসিপি প্রার্থীকে সমর্থন জানিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ।
কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে মঙ্গলবার দুপুরে এক বিবৃতিতে জানিয়েছেন সাইয়েদ আহমদ।
বিবৃতিতে তিনি বলেন, “প্রিয় নোয়াখালী-২ আসনের ভাই ও বোনেরা, বিগত সময়ে আপনারা আমার এবং দাঁড়িপাল্লার পক্ষে যে শ্রম ও কুরবানি দিয়েছেন, তা কখনো ভুলবার নয়। আল্লাহ তায়ালা আপনাদের এ শ্রম ও কুরবানিকে কবুল করুন।”
“আমি আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও ইনশাআল্লাহ পাশে থাকবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের কল্যাণ কামনা করি।”- বলেছেন সাইয়েদ আহমেদ।
অপরদিকে জামায়াত প্রার্থীর এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নোয়াখালী-২ আসনের ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সম্পাদক সুলতান মুহাম্মদ জাকারিয়া।
পৃথক এক বিবৃতিতে সুলতান মুহাম্মদ জাকারিয়া বলেন, “অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ ভাই বৃহত্তর জোটের স্বার্থে এবং কেন্দ্রীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ব্যক্তিগত জনপ্রিয়তাকে উপেক্ষা করে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।”
“বিগত সময়ে তিনি এবং তার হাজারো নিবেদিতপ্রাণ কর্মী যে শ্রম ও ত্যাগ স্বীকার করেছেন, আমি তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই”।- তিনি যোগ করেন।