বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২২ ১৬:১২ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২ ১৯:১৯ পিএম
চালের গুদামে উপজেলা প্রশাসনের অভিযান। ছবি : প্রবা
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় সিলগালা করা একটি গুদাম থেকে চালের বস্তা উধাও হওয়ার ঘটনা ঘটেছে। প্রশাসন বলছে, সিলগালার সময় গুদামটিতে ১ হাজার ১৩০ বস্তা চাল ছিল, সিলগালা খুলে সেখানে মাত্র ৬ বস্তা চাল পাওয়া গেছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকালে গুদামটি খুললে চালের বস্তা উধাও হওয়ার বিষয়টি জানাজানি হয়।
ইউএনও মোহাম্মদ রেজাউল করিম জানান, গত ৩০ নভেম্বর সন্ধ্যায় সারিয়াকান্দির পৌর এলাকার বাগবেড় গ্রামের শাহিন আলমের চালের গুদামে অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম। কৃষি বিপণন নিবন্ধন এবং ক্রয়-বিক্রয় রশিদ না থাকায় শাহিন আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ১ হাজার ১৩০ বস্তা চালসহ গুদামটি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত।
তিনি বলেন, ‘সিলগালা করার কয়েক দিন পর গুদামটি থেকে চাল উধাও হওয়ার বিষয়টি আমরা জানতে পারি। সেই প্রেক্ষিতে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকালে গুদামটির সিলগালা খোলা হয়। গুদামটি খুলে সেখানে থাকা চালের ১ হাজার ১৩০ বস্তার মধ্যে মাত্র ৬ বস্তা পাওয়া যায়। পরে গুদামটি আবারও সিলগালা করে দেওয়া হয়েছে।’
ঘটনার পর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেওয়ান আতিকুর রহমান বাদী হয়ে সারিয়াকান্দি থানায় অজ্ঞাতপরিচয়দেয় আসামি করে একটি মামলা করেছেন বলে জানান ইউএনও।
তবে মামলায় কতজনকে আসামি করা হয়েছে সেটি জানানো হয়নি।
সারিয়াকান্দি থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম বলেন, ‘সিলগালা করা গুদাম থেকে চালের বস্তা উধাও হওয়ার ঘটনায় একটি মামলা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’