ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬ ১৫:১৩ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৬ ১৫:১৬ পিএম
ঝালকাঠিতে নিখোঁজের আট ঘণ্টা পর সুগন্ধা নদী থেকে এক নারীর মরদেহ উদ্ধার
ঝালকাঠিতে নিখোঁজের আট ঘণ্টা পর সুগন্ধা নদী থেকে নিলুফা ইয়াসমিন (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাতে নিখোঁজ হওয়ার পর মঙ্গলবার সকালে নদীর পাড়ে মিলে তার মরদেহ।
নিলুফা ঝালকাঠি পৌরসভার খেয়াঘাট নতুন চর এলাকার শুকুর মিয়ার স্ত্রী। এলাকায় তিনি পরিচিত মুখ ছিলেন বলে জানান স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পরিবারের সদস্যরা সারা রাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান মেলেনি। বাড়ির পাশে নদীর ঘাটে মঙ্গলবার ভোর ৬টার দিকে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ঝালকাঠি সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ও ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠান।
এলাকাবাসী ও স্বজনদের দাবি, মরদেহ উদ্ধারের সময় নিলুফা ইয়াসমিনের নাক ও কানের স্বর্ণালংকার পাওয়া যায়নি। পাশাপাশি, পানিতে পড়ে মৃত্যু হলে এত অল্প সময়ের মধ্যে মরদেহ ভেসে ওঠা স্বাভাবিক নয় বলেও সন্দেহ প্রকাশ করেন তারা। ফলে এটি একটি রহস্যজনক মৃত্যু বলে ধারণা করছেন স্থানীয়রা।
পরিবার ও স্থানীয়দের দাবি—এটি স্বাভাবিক মৃত্যু নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঝালকাঠি সদর থানার ওসি (তদন্ত) বেলায়েত হোসেন বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।