× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে ফ্যাসিবাদের পথ বন্ধ হবে: ফারুক-ই-আজম

বগুড়া অফিস

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬ ১৪:৩৪ পিএম

বগুড়া সদর উপজেলায় মঙ্গলবার সকালে উঠান বৈঠকে বক্তব্য দেন ফারুক-ই-আজম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়া সদর উপজেলায় মঙ্গলবার সকালে উঠান বৈঠকে বক্তব্য দেন ফারুক-ই-আজম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে রাষ্ট্রকাঠামোয় আমূল পরিবর্তন আসবে এবং নাগরিক অধিকার ও অবাধ স্বাধীনতা নিশ্চিত করার ঐতিহাসিক সুযোগ তৈরি হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম (বীরপ্রতীক)।

বগুড়া সদর উপজেলার ফাঁপোড় পশ্চিমপাড়া এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার শাহাদাত হোসেনসহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ফারুক-ই-আজম বলেন, অন্তর্বর্তী সরকার একটি অস্থায়ী ব্যবস্থা। এই সরকার কোনো রাজনৈতিক দল নয় এবং আগামী নির্বাচনে কোনো পক্ষের হয়ে অবস্থান নেবে না। জনগণ যাকে ইচ্ছা ভোট দেবে, সে বিষয়ে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। তবে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন করতেই তারা মাঠে নেমেছেন।

তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে এমন একটি কাঠামো প্রতিষ্ঠা করা সম্ভব হবে, যাতে ভবিষ্যতে কোনো সরকার ফ্যাসিবাদী আচরণ করতে না পারে, বিনা বিচারে হত্যা কিংবা নির্যাতনের সুযোগ না থাকে। রাষ্ট্রের মালিক জনগণ, তাই যেকোনো জাতীয় সংকটে জনগণের মতামত নেওয়ার সাংবিধানিক পথ খুলে দিতে হবে।

মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতার তুলনা টেনে উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধে আমরা বিদেশি শক্তির সঙ্গে অস্ত্র হাতে লড়েছি। কিন্তু ২০২৪ সালের লড়াই ছিল নিজের বিরুদ্ধে নিজের লড়াই। একদলীয় শাসনের বিরুদ্ধে তরুণরা খালি হাতে লড়েছে। বাবার বন্দুকের সামনে ছেলে বুক পেতে দিয়েছে। পৃথিবীতে খুব কম জাতি এমন সংগ্রাম করে এই পর্যায়ে আসে। এই অর্জনকে নিরঙ্কুশ করতেই ‘হ্যাঁ’ ও ‘না’ ভোট।

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে কী কী পরিবর্তন আসবে, তা ব্যাখ্যা করে ফারুক-ই-আজম বলেন, প্রধানমন্ত্রী সর্বোচ্চ ১০ বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না। প্রধানমন্ত্রী একসঙ্গে দলীয় প্রধান বা সংসদীয় কমিটির প্রধান হতে পারবেন না। বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন। বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ এবং উপজেলা পর্যায়ে আদালত স্থাপন করা হবে।

তিনি আরও বলেন, প্রধান বিচারপতি, পাবলিক সার্ভিস কমিশন ও দুর্নীতি দমন কমিশনের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানে এককভাবে সরকার নিয়োগ দিতে পারবে না। বিরোধী দলের সঙ্গে আলোচনার মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে এসব প্রতিষ্ঠান গঠন করতে হবে। রাষ্ট্রপতির ক্ষমার ক্ষেত্রেও পরিবর্তন আসবে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করতে হলে মামলার বাদী পক্ষ ও ভুক্তভোগী পরিবারের সম্মতি প্রয়োজন হবে।

উপদেষ্টা বলেন, গণভোটে প্রাপ্ত রায় বাস্তবায়নের সুযোগ এই সরকারের নেই। তবে জনগণের রায়ে সংবিধান পরিবর্তিত হলে ভবিষ্যতে তা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। 

তাই রাষ্ট্রের চাবিকাঠি হাতে নেওয়ার এই সুযোগ যেন হেলায় নষ্ট না হয়, সে আহ্বান জানান তিনি।

উঠান বৈঠকে উপদেষ্টা উপস্থিত জনগণের কাছ থেকে গণভোট সংক্রান্ত প্রশ্নও গ্রহণ করেন এবং সরাসরি উত্তর দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা