নরসিংদী প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬ ১৪:০১ পিএম
প্রতীকী ছবি। প্রবা
নরসিংদীর রায়পুরায় অপু আহমেদ (৩২) নামে জেল পলাতক এক আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
উপজেলার মরজাল ইউনিয়নের কাজী মো. বশির উচ্চ বিদ্যালয়ের পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত অপু আহমেদ মরজাল ইউনিয়নের পাহাড় মরজাল এলাকার হাবিবুর রহমানের ছেলে। নিহত অপুর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ ৮/৯টি মামলা রয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০২৪ এর জুলাই আন্দোলনের সময় নরসিংদী জেলা কারাগারে হামলার ঘটনায় বন্দি অবস্থায় পালিয়ে যান অপু আহমেদ। পলাতক থাকলেও তিনি নিয়মিত এলাকায় যাতায়াত করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, রাতে দুর্বৃত্তরা অপু আহমেদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। বুধবার সকালে স্থানীয়রা বিদ্যালয়ের পাশে স-মিলের ভেতরে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।